পঞ্চগড়ে ব্র্যাক সিডের আয়োজনে খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে মঙ্গলবার ব্র্যাক জেলা কার্যালয়ের হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল মতিন। ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম ও ব্র্যাক আলু প্রোডাকশন পঞ্চগড়’র ডেপুটি ম্যানেজার কৃষিবিদ এটিএম ওবায়দুল ইসলাম। ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার কৃষিবিদ শাকিল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যে মাঝে বক্তব্য দেন টিএসও আহমেদ সুলতানুজ্জামান। কর্মশালায় পঞ্চগড় জেলায় ব্র্যাকের সাথে চুক্তিবদ্ধ ৬০ জন বীজ ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল মতিন বলেন, টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত বীজ সরবরাহ করতে পারলে কেবলমাত্র মানসম্মত খাদ্য উৎপাদন সম্ভব। সরকারের কৃষি বিভাগ নিয়মিতভাবে এই কাজটি করে যাচ্ছে। সেই সাথে ব্র্যাক সিড কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ করছে। জিও এবং এনজিওর সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারব। #




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































